মাকে পিটিয়ে জখম ছেলের কারাদণ্ড
পাবনার ফরিদপুর উপজেলার পাচুরিয়াবাড়ী গ্রামে মাকে পিটিয়ে জখম করার দায়ে আনোয়ার হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফায়েল হোসেন এ দণ্ডাদেশ দেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, আনোয়ার হোসেন এক বছর আগে বাবার কাছ থেকে জোর করে বাড়ির ৮ শতক জমি লিখে নেন। এরপর তিনি মা-বাবা ও বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এর দুদিন পর তাঁর বাবা মারা যান। পরে তাঁর মা ও বোন অন্য একটি জমিতে ঘর তুলে বাস করতে থাকেন। সম্প্রতি ওই জমিটি আনোয়ার নিজের বলে দাবি করছেন।
আনোয়ারের মা শামসুন্নাহার বলেন, ঘরের মেঝে উঁচু করার জন্য শুক্রবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি জমি থেকে মাটি কাটছিলেন। ওই জমি নিজের দাবি করে ছেলে আনোয়ার এতে বাধা দেন। বাধা উপেক্ষা করে মাটি কাটতে শুরু করলে আনোয়ার তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটমোহর থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ রাতে আনোয়ার হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সেখানে আনোয়ার দোষ স্বীকার করেন।