মাকে ফেরত চায় তুহিন, বাবাকে চায় মিম
কচি হাতে ফেস্টুন নিয়ে পাশাপাশি বসেছিল তুহিন মিয়া ও মিম। দুজনেরই বয়স সাত বছর। তুহিন মিয়ার ফেস্টুনে লেখা, ‘আমার মাকে ফেরত চাই’। মিমের ফেস্টুনে লেখা, ‘আমার বাবার খোঁজ চাই’।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত ক্ষতিগ্রস্ত পরিবারের মা ও শিশুদের এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিতে এসে কাঁদছিল তুহিন ও মিমের মতো অনেকেই।
রানা প্লাজায় নিহত সেলিনার সাত বছরের ছেলে তুহিন মিয়া কাঁদতে কাঁদতে বলছিল, ‘আমার মা রানা প্লাজায় মারা গেছে। আমি কিচ্ছু চাই না। আমার মারে আইন্যা দ্যান।’
আজ শুক্রবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তুহিন ও মিমের মতো পিতা-মাতা হারানো আরও ১৫ শিশু ও ২৫ জনের মতো সন্তানহারা মাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ জনের মতো এসেছিলেন। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। লেখা ‘আমার মা-বাবা ফেরত চাই’, ‘আমার সন্তান ফেরত চাই’, ‘আমার মা-বাবা মরলো কেন?’ ইত্যাদি।
দুধের শিশু সোহাগকে (২) নিয়ে এসেছেন খাদেজা বেগম। শিশুটি কাঁদছিল। দুধের বোতল দিয়ে কান্না থামানোর চেষ্টা করছিলেন মা, কিন্তু থামছিল না কান্না। রানা প্লাজায় স্বামীকে হারিয়েছেন খাদেজা। লাশ না পেলেও ডিএনএ মিলেছে। তাই কবরের সন্ধান পেয়েছেন। এখন মানুষের বাসায় কাজ করেন। ক্ষতিপূরণ যা পেয়েছেন তা-ও সম্পূর্ণ নিতে পারেননি, শ্বশুর নিয়েছেন অর্ধেক। তিনি ক্ষতিপূরণ চান না, এসেছেন শাস্তির দাবিতে।
নাছিমা বেগমের চোখের পানি যেন থামতেই চাইছিল না। কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন একদিকে। কাঁদছিলেন অনর্গল। সেই কান্না থেমে থেমে সংক্রমিত হচ্ছিল অন্যদের মাঝেও। রানা প্লাজা ধসে হারিয়েছেন বড় ছেলে লিটনকে। ক্ষতিপূরণ পেয়েছেন এক লাখ টাকা। এসেছেন ছেলে হত্যার বিচার চাইতে। বলেন, ‘আমার ছেলেরে যারা মারছে, ওগো সাজা দিতে হবে।’
কেউ কেউ এসেছিলেন হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে, আবার কেউ কেউ এসেছিলেন সন্তানের লাশের খোঁজে। যেমন এখনো শাহিদা বেগম তাঁর মেয়ে শান্তা আক্তারের (১৭), আবদুর রহিম তাঁর ছেলে সবুজের (২৮), মো. আলম তাঁর স্ত্রী বিউটি বেগমের (৩০) খোঁজ পাননি। তাঁদের ডিএনএও মেলেনি। তাঁদের স্বজনদের কোথায় কবর দেওয়া হয়েছে, সেটুকু তাঁরা জানতে চান।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। নিখোঁজ হৃদয়ের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘সন্তানহারা ১৬টি মাস কীভাবে কাটল, তা আমি আর আল্লাহ জানে। আমাদের কষ্ট দূর করার জন্য সন্তানেরা গার্মেন্টসে চাকরি নিয়েছিল, কিন্তু তারা আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিল। সরকারও আমাদের কোনো খবর নিল না।’
নিহত শান্তার মা শাহীদা বলেন, ‘সন্তানদের লাশ কবর দিতে পারলাম না, এটাই আমাদের কষ্ট। রানা প্লাজায় গেলে পুলিশ লাঠিপেটা করে। কোনো কোনো হাড়গোড় খুঁজে পেলে তাঁরা বলে, ওটা নাকি গরুর হাড্ডি। সন্তানদের তারা পশু বানাইয়া দিছে।’
সংগঠনের নেতার বলেন, দোষীরা শাস্তি না পেলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। তাই হাজারও হত্যার জন্য দায়ীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।