মাকে বলেছিলেন বুধবার বাড়ি ফিরবেন সুখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাদা, তুমি বলেছিলে, ফিরে এসে আমার স্বামীর মুখ দেখবে। কিন্তু ফিরে এলে লাশ হয়ে। আমার স্বামীর মুখ তো দেখে যেতে পারলে না। স্বামীকে সঙ্গে নিয়ে আমরা তোমাকে শেষ দেখা দেখতে এসেছি।’ গতকাল বৃহস্পতিবার বাঘাইহাট কেয়াংঘাটের বাড়িতে ভাইয়ের ছবি নিয়ে বিলাপ করছিলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ছাত্রনেতা সুখেন চাকমার ছোট বোন সবিতা চাকমা (১৮)। সুখেন চাকমা প্রকাশ ববিন্দ্র (২০) পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি ও ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সাংগঠনিক কাজে লংগদুতে গিয়ে ১২ মার্চ দোজরপাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি মারা যান।গতকাল বাঘাইহাট কেয়াংঘাট এলাকার সুখেন চাকমার বাড়িতে গিয়ে দেখা যায়, সুখেন চাকমার মা শান্তিবালা চাকমা (৬০) ছেলের ছবি নিয়ে বিলাপ করে বলছেন বুধবারে তার জন্ম বলে নাম রেখেছিলাম ববিন্দ্র। পরিবারে সুখ আনবে বলে স্কুলের নাম রেখেছিলাম সুখেন। কিন্তু সুখের বদলে এসেছে দুঃখ, জন্মবার বুধবারেই এসেছে লাশ হয়ে। সোমবার রাত ৮টায় ববিন্দ্র আমাকে ফোন করে বলেছিল, ‘মা, আমি এখন একটি উঁচু পাহাড়ে আছি। সেখানে ভাত খেয়েছি। বুধবার বাড়িতে আসব।’ আমার বুকের ধন এল, কিন্তু লাশ হয়ে। মঙ্গলবার সকালে তার মুঠোফোনে অনেকবার চেষ্টা করেছি। কিন্তু মুঠোফোনটি বন্ধ থাকায় কথা বলতে পারিনি। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি ফোন করে জানায়, সুখেন গুলিতে মারা গেছে। আমার বিশ্বাস হয়নি। রাতে লাশ আসার পর বিশ্বাস হয়েছে আমার বুকের মানিক আর নেই। সুখেন শেষবার বাড়িতে এসেছিল এক মাস আগে। আমরা জানতাম না সে সংগঠন করত।সুখেনের বাবা বীর কুমার চাকমা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার চার ছেলে, তিন মেয়ের মধ্যে শুধু সুখেন পড়ালেখা শিখেছে। আমি জঙ্গল থেকে বাঁশ, কাঠ কেটে বিক্রি করে তার পড়ালেখার খরচ জুগিয়েছি। সংগঠনের সঙ্গে যে সে জড়িত আমরা জানতাম না, জানলে বাড়ি থেকে তাকে বের হতে দিতাম না। তার পড়ালেখার খরচের জন্য বসতভিটাটি পর্যন্ত বন্ধক রেখেছি। আমরা চাই না জাতির জন্য কাজ করতে গিয়ে আর কোনো বোন ভাইহারা হোক, কোনো বাবা-মা সন্তানহারা হোক।’ ১২ মার্চ লংগদু উপজেলার দোজরপাড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা সুদীর্ঘ চাকমা (৩৮), যুব সমিতির নেতা জীবন চাকমা (২২), পিসিপি নেতা সুখেন চাকমা (২০) ও গুনেন্দু চাকমা (২১) নিহত হন।