মাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু
মায়ের আর্তচিৎকার শুনে স্থির থাকতে পারেনি হারুন অর রশিদ ওরফে নয়ন। বাবা রুটি বানানোর যে বেলনা দিয়ে মাকে পেটাচ্ছিলেন, তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে। এতে ক্ষিপ্ত বাবার ওই বেলনার আঘাতে তাকেই প্রাণ দিতে হলো। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ মসজিদ মহল্লায়। পুলিশ নয়নের বাবা আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নয়ন শুক্রবার রাত আটটার দিকে ঘরে লেখাপড়ায় ব্যস্ত ছিল। হঠাৎ মা গুড়িয়ার (৩৮) চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে দেখে তার বাবা উঠানে বেলনা দিয়ে তার মাকে বেধড়ক পেটাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে বিমাতা শাহানাজ বেগম (৩০)। নয়ন মারধরে বাধা দেয়। একপর্যায়ে সে বাবার হাত থেকে বেলনাটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। ক্ষিপ্ত হয়ে ওই বেলনা দিয়েই নয়নের মাথায় আঘাত করেন তার বাবা। এতে নয়নের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রতিবেশীরা তাকে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুড়িয়া বাদী হয়ে গতকাল শনিবার সৈয়দপুর থানায় নয়নের বাবা আনোয়ার হোসেন ও বিমাতা শাহনাজের বিরুদ্ধে মামলা করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আনোয়ার হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহনাজ পলাতক।