মাকে বেঁধে রেখে কিশোরীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআফজল গ্রামে মাকে বেঁধে রেখে এক কিশোরীকে গণধর্ষণের পর কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার মো. রুবেল (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় কিশোরীর বিধবা মা বাদী হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা করেছেন। মামলার বাদী জানান, ২৯ জুলাই গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা এলাকার বদু কবিরাজের ছেলে মো. শামছু, রামগতির চরআফজল এলাকার কালা মিয়ার ছেলে মো. রুবেলসহ তিন-চারজন দুর্বৃত্ত কৌশলে দরজা খুলে তাঁর ঘরে ঢোকে। দুর্বৃত্তরা তাঁকে বেঁধে রেখে তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণ করে। পরে তারা মেয়েটিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মামলার তদন্ত কর্মকর্তা বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গণধর্ষণের শিকার কিশোরীটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতন দমন আইনের ২২ ধারায় তার জবানবন্দিতে ঘটনার বিবরণ রেকর্ড করা হয়েছে। মো. রুবেলকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।