মাকে বেঁধে রেখে ছেলেকে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাকে বেঁধে রেখে দুই বছর বয়সী ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সাম্য ব্যাপারী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সত্যেন্দ্রনাথ ব্যাপারীর স্ত্রী মল্লিকা গত রোববার রাত সাড়ে আটটার দিকে ছেলে সাম্যকে নিয়ে বাসায় ছিলেন। এ সময় ঘরের দরজার কড়া নাড়লে প্রতিবেশী কেউ এসেছে ভেবে তিনি দরজা খুলে দেন। এ সুযোগে অজ্ঞাতনামা চার-পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে ঢুকে পড়ে। পরে তারা মল্লিকাকে মারধর করে গামছা দিয়ে বেঁধে খাটের ওপর নিয়ে ফেলে রাখে এবং সাম্যকে পাশের কক্ষে নিয়ে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
রাত নয়টার দিকে সত্যেন্দ্রনাথ বাসায় ফিরে মল্লিকাকে খাটের ওপর অচেতন অবস্থায় এবং পাশের কক্ষে ছেলের লাশ দেখতে পান।
পুলিশ গতকাল সোমবার সকালে সাম্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাজৈর থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।