মাকে হত্যা করে মেয়েকে অপহরণ
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় মাকে কুপিয়ে ও মাইক্রোবাসের ধাক্কা দিয়ে হত্যা করার পরে মেয়েকে অপহরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে অপহূত ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার পাওয়া নারী ও তাঁর বাবার অভিযোগ, ওই নারীর সাবেক স্বামী আতিয়ার রহমান এবং তাঁর সহযোগীরা এই হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটিয়েছেন।
উদ্ধার করা ওই নারীর ভাষ্যমতে, ফুপাতো ভাই আতিয়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। চার বছর সংসার করার পর তিনি স্বামীকে তালাক দেন। এর পর থেকে আতিয়ার তাঁকে অপহরণ করবেন বলে হুমকি দিচ্ছিলেন। গতকাল রাত আটটার দিকে আতিয়ার কয়েকজন অপরিচিত লোককে নিয়ে একটি মাইক্রোবাসে করে দর্শনার আজমপুরে ওই নারীর বাড়িতে যান। তিনি জোর করে ওই নারীকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। এ সময় তাঁদের বাসায় বাবা ও ভাই ছিলেন না। নারীর মা বাধা দিতে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আতিয়ার ও তাঁর সহযোগীরা। মুমূর্ষু অবস্থায় নারীর মা মাইক্রোবাসের সামনে দাঁড়ান। এ সময় মাইক্রোবাস দিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
প্রতিবেশী আবদুল জব্বারসহ কয়েকজনের ভাষ্য, দুর্বৃত্তরা যখন বাড়ির ভেতর হামলা চালায়, তখন ডাকাত পড়েছে মনে করে প্রতিবেশীরা ভয়ে কেউ ঘর থেকে বের হননি। ওই নারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর আশপাশের লোকজন বের হয়ে আসে। পরে আহত মাকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁরা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক সউদ কবীর তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই নারীর ভাষ্য, মাইক্রোবাসে করে চৌগাছায় নিয়ে এক ব্যক্তির বাড়িতে তাঁকে আটকে রাখা হয়। ওই বাড়িওয়ালা সব শুনে তাঁকে তাঁর ছোট ফুফু ফাতেমা খাতুনের বাড়িতে পৌঁছে দেন। সেখান থেকে বাড়িতে খবর দিলে দামুড়হুদা থানার পুলিশ আজ ভোর চারটার দিকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ প্রথম আলোকে দেওয়া ওই নারীর বাবার ভাষ্য, ২০০৭ সালের ৮ ডিসেম্বর বোনের ছেলে আতিয়ারের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। ওই সময় মেয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে হিসাব বিভাগে সম্মানে পড়ছিলেন। আতিয়ার এসএসসি পাস। বিয়ের সময় শর্ত দেওয়া হয়, মেয়ের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং গ্রাম ছেড়ে শহরে বাস করতে হবে।
নারীর বাবার দাবি, বিয়ের পর আতিয়ার চৌগাছা উপজেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি একটি মনিহারি দোকান চালাতেন। তাঁর মেয়ে যশোর এম এম কলেজ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিন্তু দুই বছরের মাথায় আতিয়ার স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরে আসেন। গ্রামে থাকা নিয়ে তাঁদের মধ্যে বনিবনা হয়নি। ২০১১ সালের ২০ মার্চ আতিয়ারের সঙ্গে তাঁর মেয়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে আতিয়ার প্রায়ই তাঁর মেয়েকে দেখে নেবেন বলে হুমকি দিয়ে আসছিলেন। তিনি খুন করার হুমকি দেন বলেও দাবি করেন ওই নারীর বাবা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান খুন ও অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে তরুণীর বাবা গতকাল বৃহস্পতিবার রাতেই দামুড়হুদা থানায় মামলা করেছেন। মামলায় তাঁর মেয়ের সাবেক স্বামী গোয়াতলী গ্রামের শের আলীর ছেলে আতিয়ার রহমান ও তাঁর বন্ধু একই গ্রামের মৃত জহর আলীর ছেলে আবদুল লতিফসহ অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।