মাকে হত্যাচেষ্টার মামলায় স্ত্রীসহ তিন ছেলে জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাকে নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় তিন পুত্র ও পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে যাওয়া তিন ছেলে হলেন নুরুল ইসলাম, নুর আলম ও নুর হোসেন এবং তিন পুত্রবধূ হলেন শামীমা আক্তার, পারভীন আক্তার ও রবি আক্তার।
বাদী বৃদ্ধ মহিলার আইনজীবী হাবিবুর রহমান আজাদ প্রথম আলোকে বলেন, স্বামীহারা ৮০ বছর বয়সী বৃদ্ধ মহিলাকে সম্পত্তির জন্য তিন ছেলে ও পুত্রবধূ মিলে হত্যার চেষ্টার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি রওশন আরা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। গতকাল ওই মামলায় জামিনের আবেদন করে আদালতে আত্মসমপর্ণ করেন ছয় আসামি। আদালত বৃদ্ধ মহিলার বক্তব্য শুনে এবং উভয় পক্ষের শুনানি শেষে ছেলে ও পুত্রবধূদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।