মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি
বাগেরহাটের কচুয়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি উজ্জ্বল শেখ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সীতা রানী দেবনাথ বলেন মামলার নথি থেকে জানা গেছে, কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের উজ্জ্বল শেখ মাদকাসক্ত হয়ে পড়েন। ছেলেকে নেশা না করতে মা শাহিদা বেগম প্রায়ই নিষেধ করতেন। ২০১৩ সালের ২ জুন দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে উজ্জ্বল ঘরে থাকা কোদাল দিয়ে মা শাহিদা বেগমের মাথায় কোপ দেন। ঘটনাস্থলেই শাহিদা বেগমের মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহত ব্যক্তির স্বামী শেখ ফজলুর রহমান বাদী হয়ে ছেলে উজ্জ্বল শেখের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা মামলা করেন।
পুলিশ উজ্জ্বল শেখকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন এসআই বোধন চন্দ্র বিশ্বাস ওই বছরের ৬ নভেম্বর উজ্জ্বল শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক গতকাল এই ফাঁসির আদেশ দেন।