মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর নাম জসীম উদ্দিন। আজ বুধবার বিকেলে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০০৫ সালের ২৪ নভেম্বর মিরসরাই উপজেলার মগাদিয়ার জাফরাবাদ গ্রামে মা ওয়াজ খাতুনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়াজ খাতুনের আরেক ছেলে জিয়াউল হক বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১৭ ফেব্রুয়ারি পুলিশ আসামি জসীম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া জসীম ঘটনার পর থেকে পলাতক।