মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের বাসিন্দা সানা উল্লাহ (৪০)।

গাজীপুর আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের ৭ মে বিকেলে সানা উল্লাহ তাঁর বোন ফাতেমা বেগমের কাছে টাকা চান। ফাতেমা টাকা দিতে অস্বীকৃতি জানানোয় সানা উল্লাহ দা দিয়ে তাঁকে কোপাতে থাকেন। তখন তাঁর মা দেলোয়ারা বেগম মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে সানা উল্লাহ মাকেও কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।

এ ঘটনায় সানা উল্লাহর বাবা হেকিম মোল্লা ছেলের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আজ দুপুরে আদালত রায় ঘোষণা করেন।