মাকে হারিয়ে শোকে পাথর আয়েশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দরবেশপুর গ্রামের অ্যাসিডদগ্ধ তাসলিমা খাতুন (৩৮) গত শুক্রবার ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রেখে গেছেন তাঁর একমাত্র মেয়ে আয়েশা খাতুনকে (১২)। একমাত্র আপনজন মাকে হারিয়ে কান্নার শক্তিও যেন হারিয়ে ফেলেছে আয়েশা। অ্যাসিড ছোড়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আয়েশার বাবা এখন কারাগারে।গত সোমবার দরবেশপুর গ্রামে গেলে আয়েশা তার মায়ের কবরের কাছে নিয়ে যায়। কবরের পাশে দাঁড়িয়ে শুধু নীরবে চোখের পানি ফেলে। আয়েশার মামা সুলতান আলী বলেন, এমনিতেই আয়েশা ছিল চুপচাপ প্রকৃতির। মায়ের মৃত্যুর পর সে একেবারে চুপচাপ হয়ে গেছে। দাফনের আগে মৃত মায়ের মুখ দেখে কেঁদে বলেছিল, এই পৃথিবীতে তার আর কেউ রইল না। বিলাপ করে কেঁদেছিল বহুক্ষণ। কিছুতেই থামানো যাচ্ছিল না। এর পর থেকে সে শব্দ করে কাঁদেও না। অধিক শোকে পাথর হয়ে গেছে সে।পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকার সময় এক রাতে নিষ্ঠুর অভিজ্ঞতা হয় দুই বছর বয়সেই। বাবার ছোড়া অ্যাসিডে মায়ের সঙ্গে সেও দগ্ধ হয়। অ্যাসিড নিক্ষেপের অভিযোগে হওয়া মামলায় তাঁর বাবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাই মাকে ঘিরেই ছিল তাঁর পৃথিবী। অ্যাসিডদগ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও পরে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয় তারা। বেশ কিছুদিন পর এসিড সারভাইভারস ফাউন্ডেশনের হাসপাতালে আয়ার চাকরি হয় তাসলিমার। মায়ের সঙ্গে ঢাকায় চলে যায় আয়েশা; ভর্তি হয় বিদ্যালয়ে।পারিবারিক সূত্রে আরও জানা গেছে, এক বছর আগে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহায়তায় রাজশাহীর মুক্তিদাতা জুনিয়র হাইস্কুল নামের একটি আবাসিক বিদ্যালয়ে ভর্তি হয় আয়েশা। এখন সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। এই এক বছর কেবল মাকে ছেড়ে দূরে থেকেছে আয়েশা। তবু প্রতি সপ্তাহে মুঠোফোনে কথা হতো মায়ের সঙ্গে। শুক্রবার হঠাৎ করে মা মারা যাওয়ায় একা হয়ে যায় আয়েশা। এখন সে মামা সুলতান আলীর সদর উপজেলার ফুলপাড়ার বাড়িতে কয়েক দিন থাকবে। তারপর চলে যাবে রাজশাহীতে তার বিদ্যালয়ে।