বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কেন্দ্রীয় কমিটিতে ‘চা-শ্রমিক সংগ্রাম কমিটি’র প্যানেল বিজয়ী হয়েছে। কমিটির সভাপতি পদে মাখন লাল কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে রামভজন কৈরী নির্বাচিত হয়েছেন।
অপর দিকে সাতটি ভ্যালির মধ্যে ছয়টিতে চা-শ্রমিক সংগ্রাম কমিটি ও অপরটিতে ‘চা-শ্রমিক গণ ঐক্য পরিষদ’ জয়লাভ করেছে। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী ব্যক্তিরা তো বটেই, পরাজিত প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন।
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, ভ্যালি কমিটি ও বাগান পঞ্চায়েত কমিটির পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২২৮টি চা-বাগানের মধ্যে ২২৭টিতে ভোট হয়। সিলেটের কালারগুল চা-বাগানে নির্বাচন হয়নি। ৯৪ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৯ হাজার ১১৪ জন। ভোট পড়েছে ৯৪ দশমিক ১২ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটিতে মাখন লাল কর্মকার এবং রামভজন কৈরীর নেতৃত্বাধীন ৩০ সদস্যবিশিষ্ট প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি পদে মাখন লাল কর্মকার পেয়েছেন ৬৫ হাজার ১২৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে রামভজন কৈরী পেয়েছেন ৬৪ হাজার ৯৫৭ ভোট।
অপর দিকে বালিশিরা ভ্যালিতে সভাপতি পদে বিজয় হাজরা ও সাধারণ সম্পাদক পদে দেবেন্দ্র বাড়াইক, লংলা ভ্যালিতে সভাপতি পদে শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সঞ্জু অধিকারী, জুড়ী ভ্যালিতে কমলচন্দ্র বুনার্জী ও সাধারণ সম্পাদক পদে রতন তেলি, মনু-ধলাই ভ্যালিতে সভাপতি পদে গোপাল নুনিয়া ও সাধারণ সম্পাদক পদে নির্মল পাইনকা, লস্করপুর ভ্যালিতে সভাপতি পদে অবিরত বাগতি ও সাধারণ সম্পাদক পদে মণি শংকর বাউরি, সিলেট ভ্যালিতে সভাপতি পদে রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক পদে কৃপেশ বুনার্জী এবং চট্টগ্রাম ভ্যালিতে প্রদীপ দাস ও সাধারণ সম্পাদক পদে পরিমল দে বিজয়ী হয়েছেন। এই সাতটি ভ্যালির মধ্যে শুধু সিলেট ভ্যালিতে চা-শ্রমিক গণ ঐক্য পরিষদ এবং বাকি ছয়টিতে চা-শ্রমিক সংগ্রাম কমিটি জয়ী হয়।
মাখন লাল কর্মকার বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি।’ চা-শ্রমিক গণ ঐক্য পরিষদের পক্ষে কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিজয় বুনার্জী বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে নির্বাচন হয়েছে। নির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের স্বার্থ নিয়ে কাজ করুক—এটাই প্রত্যাশা। প্রয়োজনে তাঁদের সহযোগিতা করব।’