
বর্ষায় এবার শুরুর দিকে তেমন বৃষ্টি ছিল না। আকাল ছিল ইলিশেরও। তবে ইদানীং সমুদ্রের রুপালি সম্পদ, বাঙালির বিচারে মাছের রাজা ইলিশ ধরা পড়ছে প্রচুর। ফলে মাছের বাজারে এর উপস্থিতি এখন মন্দ নয়। তবে ইফতারির বাজারের ইলিশে হাত দেওয়া যার-তার পক্ষে সম্ভব হবে না। একখানা আস্ত ইলিশের কাবাবের দাম দুই হাজার টাকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির সম্ভারে ইলিশের কাবাব যুক্ত করেছে এখানকার বিখ্যাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আনন্দ বেকারি।
গতকাল মঙ্গলবার ঢিলেঢালা হরতালের বিকেলে বেশ সহজেই পৌঁছানো গেল চকবাজারে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির জমজমাট বাজার বসেছে চকের শাহি মসজিদের সামনের সড়কে। চকের এই মসজিদটি মোগল আমলের। তবে সেই আদি স্থাপনাটি নেই। মসজিদের আকার বদলেছে, কিন্তু রয়ে গেছে ইফতারির ঐতিহ্য। আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে রোজাদারেরা এখানে আসতেন ইফতারি কিনতে। এখন আশপাশের দোকানের ব্যবসায়ীরাই এই ইফতারির বাজারের প্রধান ক্রেতা। শুধু ইফতারি কিনতে ভিড় ঠেলে সাধারণত কেউ আর চকে আসেন না।
চকের ইফতারির মধ্যে সুতি কাবাবটি একেবারেই এখানকার যাকে বলে ‘বিশেষ’ উপকরণ। সিরাজ বাবুর্চি সুতি কাবাব তৈরি করেন বংশপরম্পরায়। চকে কাবাব বিক্রি করছেন স্বাধীনতার পর থেকেই। তিনি জানালেন, রোজার সময় প্রতিদিন ৪০ থেকে ৫০ কেজি কাবাব বিক্রি হয়। খাসির কাবাব ৬০০ টাকা এবং গরুর কাবাব ৪০০ টাকা কেজি।
অর্ধশতাধিক পদ নিয়ে ইফতারির সম্ভার সাজানো আনন্দ বেকারির চকবাজার শাখার প্রতিনিধি আনোয়ার হোসেন জানালেন, ইলিশের কাবাব ছাড়াও রয়েছে আস্ত মুরগির রোস্ট ৩৫০ টাকা, কাটলেট প্রতিটি ৬০ টাকা, গরুর হালিম বড় বাটি ৪০০ এবং ছোট বাটি ২০০ টাকা।
পথের পাশেই গ্যাসের চুলায় জিলাপি ও রসবড়ি তৈরি করছেন অনেকেই। একেকটি জিলাপির ওজন আধা কেজি। এর নাম শাহি জিলাপি। দাম ২৫০ টাকা কেজি। ছোট জিলাপি ২০০ টাকা। রসবড়ি ১২০ টাকা কেজি। কোয়েল পাখির রোস্ট প্রতিটি ৫০ টাকা, খাসির রানের রোস্ট প্রতিটি ৩৫০ টাকা, নার্গিস কাবাব প্রতিটি ৪০ টাকা। ডিম, সবজি ও আলুর চপ, সমুচা, শিঙাড়া প্রতিটি ১০ টাকা। বেগুনি, পেঁয়াজুর দাম তিন থেকে পাঁচ টাকা প্রতিটি। ছোলা ও ঘুগনির কেজি ৬০ টাকা। মাঠা এক লিটারের বোতল ৫০ টাকা।
এবার ইফতারির দাম বাড়েনি। বিক্রেতারা জানালেন, দামের তারতম্য সত্ত্বেও ইফতারির বাজারে বেচাকেনা মোটামুটি প্রতিবছর একই রকম থাকে। বহুদিনের রেওয়াজ অনুসারে পুরান ঢাকার বাসিন্দারা বাড়ির তৈরি ইফতারির চেয়ে দোকানে তৈরি ইফতারি দিয়েই ইফতার করতে অভ্যস্ত। এ জন্য তাঁদের একটা আলাদা বাজেটও থাকে। চক মসজিদের সামনে ইফতারির বড় বাজারটি বসলেও অন্যান্য মহল্লায়ও রমজানজুড়েই দুপুরের পর থেকে ঝুড়িভরা হরেক রকমের ঝাল-মিষ্টির পদ নিয়ে প্রচুর ইফতারির পসরা বসে যায়। আসরের নামাজের পর থেকেই এসব দোকানে কেনাবেচার ব্যস্ততা শুরু হয়। আর মাগরিবের আগে আগেই অধিকাংশ দোকানেরই ঝুড়ি শূন্য হয়ে পড়ে। এই ব্যস্ততা থাকবে পুরো রমজানেই।