মাগুরছড়া গ্যাসকূপ দুর্ঘটনার ক্ষতিপূরণ ১৭ বছরেও মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপ দুর্ঘটনার ১৭ বছর পূর্ণ হয়েছে গতকাল শনিবার৷ তবে গ্যাস, প্রকৃতি ও পরিবেশের ক্ষতিপূরণের টাকা বিদেশি বহুজাতিক কোম্পানির কাছ থেকে এখনো আদায় করা হয়নি৷
এদিকে বিস্ফোরণের ঘটনায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশসহ ক্ষতিপূরণের দাবিতে গতকাল মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন৷
গতকাল বেলা সাড়ে ১১টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া গ্যাসক্ষেত্র এলাকায় এ মানববন্ধন করা হয়। গ্যাসক্ষেত্রের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কে এ কর্মসূচিতে অংশ নেয় কমলগঞ্জ উন্নয়ন পরিষদ, কমলগঞ্জ মহিলা উন্নয়ন ফাউন্ডেশন ও আদিবাসী খাসিয়ারা। কর্মসূচি চলাকালে কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ ওয়াহিদ, মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের নেত্রী হাবিবা সুলতানা বিলকিছ, সিলেট বিভাগ আদিবাসী ফোরামের নেতা খাসিয়া হেডম্যান জিডিসন সুচিয়াং প্রধান, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ ও শিক্ষক আলমগীর হোসেন বক্তব্য দেন৷ এ সময় তাঁরা বলেন, ১৯৯৭ সালের বিস্ফোরণের পর তদন্ত করে দীর্ঘ ১৭ বছরে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি৷ সরকারের উচিত, মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ক্ষয়ক্ষতির সঠিক তথ্যসহ প্রতিবেদনটি দেশবাসীর কাছে প্রকাশ করা এবং মার্কিন বহুজাতিক তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি অক্সিডেন্টালের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাসকূপ খননের কাজ করেছিল৷ ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে খননকাজ গ্যাসকূপের ৮৫০ ফুট গভীরে পৌঁছালে হঠাৎ বিস্ফোরণ ঘটে৷ এতে প্রায় পাঁচ শ ফুট উচ্চতায় আগুন লাফিয়ে ওঠে। আগুনে উদ্যানের গাছপালা, মাগুরছড়া পানপুঞ্জি, ফুলবাড়ী চা-বাগানের একাংশ, ঢাকা-সিলেট রেললাইন, ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ, বিদ্যুৎ লাইনসহ আশপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেগুন প্রজাতির গাছ, বাঁশ, অন্যান্য প্রজাতির বৃক্ষ, বৃক্ষলতাদিতে আচ্ছাদিত ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ বনাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়। মারাত্মক, আংশিক ও হালকাভাবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ছিল ৮৭ দশমিক ৫০ একর৷ দুর্ঘটনা-পরবর্তী সময়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, পশুপাখি, পরিবেশ, প্রাকৃতিক শোষণব্যবস্থা, প্রাকৃতিক উৎপাদন, পশুপাখির বসতি, ভূপৃষ্ঠস্থ প্রাকৃতিক পানিপ্রবাহ, ভূগর্ভস্থ পানিস্তরের অধোগমন ও প্রাণিবৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে, তার পুনর্বাসন ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে ৬০০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। অক্সিডেন্টালের কাছে এই টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়। কিন্তু বন ও পরিবেশ বিভাগ সূত্রে জানা গেছে, বনাঞ্চল ও পরিবেশের জন্য কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।
কয়েকজন এলাকাবাসী জানান, মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে মাটিতে বিচরণকারী কচ্ছপ ও প্রচুর জংলি খরগোশ দেখা যেত। এখন চোখে পড়ে না। ছড়ার পানি শুকিয়ে যাওয়ায় অনেক জলজ প্রাণীরও দেখা মেলে না।
মাগুরছড়া পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জিডিশন প্রধান সুচিয়াং প্রথম আলোকে বলেন, বিস্ফোরণের পর সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে, সেটি হলো পানির স্তর শুকিয়ে যাওয়া। বিস্ফোরণের আগে লাউয়াছড়ার কোনো ছড়ার পানি শুকায়নি। এমনকি খরার দিনেও পানি থাকত। কিন্তু বিস্ফোরণের পর শুকনার সময় তো দূরের কথা, বর্ষাতেও ছড়ায় পানি থাকে না।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘বন ও পরিবেশের কোনো ক্ষতিপূরণ পাওয়া গেল না। ক্ষতিপূরণ আদায়ে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’