মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন
মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণের ১৩তম বার্ষিকী ছিল গতকাল ১৪ জুন। এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমোহনা এলাকায় গতকাল বিকেলে ওই দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মাগুরছড়ার গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।আওয়ামী শিল্পীগোষ্ঠীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জিল্লুল আনামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাগুরছড়ার গ্যাসসম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সম্পাদক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।বক্তারা ওই দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির কাছ থেকে ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে হাইকোর্টে দায়ের করা মামলাটির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দুই শতাধিক কর্মী অংশ নেন। কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে আলোকিত শ্রীমঙ্গল, ডিফেন্ডার উন্নয়ন সংস্থা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ বিভিন্ন বেসরকারি সংস্থা। ১৯৯৭ সালে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে ওই বিস্ফোরণ ঘটে।