মাগুরছড়ায় টাওয়ার ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পান জুম এলাকার একটি টিলার ওপরের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের টাওয়ারের নিচের অংশের পাত (লোহার অ্যাঙ্গেল) চুরি হয়েছে। এতে হঠাৎ করে গতকাল রোববার দুপুর দুইটার দিকে টাওয়ারটি ভেঙে পড়লে কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে ঝড় ও বৃষ্টি শুরু হওয়ায় গতকাল রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল প্রধান সড়কের মাগুরছড়া পান জুমের ভেতরে সড়ক থেকে প্রায় ১০০ ফুট উঁচু টিলার ওপরের লোহার অ্যাঙ্গেলের একটি টাওয়ার ভাঙা অবস্থায় আছে। এ সময় ভেঙে পড়া টাওয়ারের পাশে নতুন করে খুঁটি স্থাপন করছিল বিদ্যুৎকর্মীরা। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম প্রকৌশলী মোবারক হোসেন বলেন, কালবৈশাখীতে কমলগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। গত শনিবার রাত ১১টা থেকে গতকাল রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। দুর্বৃত্তরা লোহার অ্যাঙ্গেলের টাওয়ারের নিচের কয়েকটি পাত চুরি করলে গতকাল টাওয়ার ভেঙে নতুন করে আবার বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।