মাগুরা ও আক্কেলপুরে প্রতিমা ভাঙচুর
মাগুরার মহম্মদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা ছয়টিসহ সাতটি প্রতিমা ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এ ছাড়া গত বৃহস্পতিবার জয়পুরহাটের আক্কেলপুরে একটি মন্দিরের সাতটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা সাহাপাড়া সর্বজনীন পূজা মন্দির, নাগড়াদোল মন্দির ও দীঘা গ্রামের সঞ্জিত সাহার পারিবারিক শিব শঙ্কর মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সকালে দুষ্কৃতকারীরা এসব মন্দিরের কমপক্ষে সাতটি প্রতিমা ভেঙে ফেলে।খাজুরা পূজা মন্দির কমিটির সভাপতি কুমারেশ চন্দ্র সাহা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পূজা উদ্যাপন করে আসছি। স্থানীয় মুসলমান সম্প্রদায়ের লোকজন আমাদের সহযোগিতা করেন। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধও নেই।’মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হক বলেন, স্থানীয় দুটি পক্ষের লোকজনের মধ্যে বেশি কিছুদিন ধরে বিরোধ চলছে। ওই ঘটনার জেরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে।জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা-জালালপুর গ্রামের ভবানী মন্দিরে ঢুকে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে সাতটি প্রতিমা ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা ওই রাতেই মন্দিরটি পরির্দশন করেন। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে দেখা হচ্ছে।