পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এর মধ্যে মাগুরা শহরে গতকাল রোববার ট্রাকচাপায় কলেজছাত্র নিহত হওয়ার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া গত শনিবার দুর্ঘটনায় স্কুলছাত্রের প্রাণহানির প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক অবরোধ করা হয়।
গতকাল পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১৮ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা শহরের শ্রীপুর রোডে পুলিশ সুপারের বাসভবনের সামনে দুপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী কলেজছাত্র বিশ্বজিত বিশ্বাস (১৯)। মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর উপজেলার বেঙ্গা-বেড়ইল গ্রামের কৃষক বিবেক বিশ্বাসের একমাত্র ছেলে বিশ্বজিত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে সম্মান প্রথম বর্ষে পড়তেন।
প্রত্যক্ষদর্শী মিথুন শেখ বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুরের পর সড়ক অবরোধ করেন। তাঁরা পুলিশ সুপারের বাংলোর সামনের এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শনিবার সড়ক দুর্ঘটনায় কমলকুঁড়ি বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম সরদার (৭) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে এ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশন এলাকায় বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মিরাজুল ইসলাম (১৮) নিহত হন। উপজেলার বরইতলী ইউনিয়নের খয়রাতি পাড়ার মিরাজুল কৃষিকাজ করতেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার কামিনী ফিলিং স্টেশন এলাকায় দুপুর ১২টার দিকে মাইক্রোবাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রচালক আবদুর রহিম (৫৫) নিহত হন। এ ঘটনায় ১০ জন আহত হন। দুর্ঘটনায় দুটি যানই বিধ্বস্ত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ভ্যানকে অজ্ঞাত গাড়ি চাপা দিলে শরীফুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হন। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার থানার চান্দুখানায়।
নাওজোর হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকায় শনিবার রাতে পিকআপ ভ্যানের ধাক্কায় ফয়জুর রহমান (৫০) নামের এক অটোরিকশার যাত্রী মারা গেছেন। তাঁর বাড়ি বড়লেখা উপজেলার বাহারপুর গ্রামে। তিনি উপজেলার তালিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
চালকের অসতর্কতায় উল্টে গেল বাস
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কেএসআরএম রি-রোলিং মিলস এলাকায় গতকাল সকাল সাতটার দিকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস হঠাৎ মহাসড়কে উঠে আসে। মহাসড়কের কাছাকাছি থাকা লক্ষ্মীপুরগামী একটি দ্রুতগামী বাসের যাত্রীরা তা দেখে বাসচালককে সতর্ক করেন। বাসচালক দ্রুত ব্রেক কষলেও বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। মিনিবাসটি দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় বাসের ৪৩ আরোহীর মধ্যে পাঁচজন আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।