মাগুরা ও চন্দনাইশে ডায়রিয়ার প্রাদুর্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় গত দুই সপ্তাহে মাগুরায় একজন ও চন্দনাইশে দুজন মারা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাগুরা: মাগুরা সদর ও শালিখা উপজেলার কয়েকটি গ্রামে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে আক্রান্তের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে ১২ মে ছবেদা বেগম (৭৫) নামের এক বৃদ্ধ ডায়রিয়ায় মারা গেছেন। সদর হাসপাতাল সূত্র জানায়, মূলত মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত বেশি রোগী আসছে। গত রোববার সকাল আটটা থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত মাগুরা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ৭০ জন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। হাসপাতালের জ্যেষ্ঠ সেবক অধীর কুমার রায় গত রোববার প্রথম আলোকে বলেন, ‘বিগত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এত রোগী হাসপাতালে আসতে দেখিনি। ভয়াবহ অবস্থা।’ রোববার হাসপাতালে গিয়ে দেখা যায়, মেঝে, বারান্দায়ও ডায়রিয়ার রোগী। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোস্তম আলী (৪০) বলেন, ‘আজ (গত রোববার) ডাক্তার বলেছেন, স্যালাইন শেষ হয়ে গেছে। তাই বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে।’ সিভিল সার্জন হুমায়ুন মোল্লা বলেন, ‘পৌর এলাকা এবং সদরের বেরইলপলিতা ও শালিখার গঙ্গারামপুর ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। আইভি স্যালাইন আজ (গত রোববার) শেষ হয়ে যাওয়ায় কোনো কোনো রোগীকে তা বাইরে থেকে কিনতে হতে পারে। যে হারে রোগী আসছে তাতে প্রয়োজনে আমরা হাসপাতালের ছাদে তাঁবু টাঙিয়ে ডায়রিয়া রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা নেব।’চন্দনাইশ (চট্টগ্রাম): গত ১৬ দিনে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শয্যার অভাবে অনেক রোগী হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়ায় ৪ মে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে বৈলতলী গ্রামের আছিয়া বেগম (২) এবং চাগাচর গ্রামে গত ১১ মে মনোয়ারা বেগম (১৭) নামে আরও একজন মারা গেছে।দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ ডায়রিয়া রোগের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে বলেন, চন্দনাইশে ডায়রিয়া রোগীর সংখ্যা কম। পার্শ্ববর্তী সাতকানিয়া থানার পুরানগড়, বাজালিয়া, কালিয়াইশ, ধর্মপুর, নলুয়া থেকে ডায়রিয়া রোগী দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোগীর তুলনায় স্যালাইনের বরাদ্দ কম হওয়ায় সব রোগীকে কলেরার স্যালাইন দেওয়া সম্ভব হয় না।