মাগুরা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরডাঙ্গা গ্রামের রেজাউল হকের ছেলে বিজিবি সদস্য জুয়েল রানা (৩৫), মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাজ গ্রামের হামেজ উদ্দিনের ছেলে আহম্মদ আলী (৪২) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে করিমনচালক হানিফ আলী (৩০)।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওজিয়ার রহমান প্রথম আলোকে বলেন, সদর উপজেলার বারমাইল এলাকায় নষ্ট হওয়া মালবাহী একটি ট্রাক সড়কের পাশে মেরামত করা হচ্ছিল। ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুজন নিহত ও ১২ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামের আলমগীর হোসেন (৩৫), পারনান্দুয়ালি গ্রামের মিজানুর রহমান (৪২), মনিরুল ইসলাম (৪৫), বাসের সুপারভাইজার মেহেরপুরের মুজিবনগরের মুরাদ হোসেন (৪০) ও ঝিনাইদহের কালীগঞ্জের মো. সেতু (২৪)। পরে আশঙ্কাজনক অবস্থায় সেতুকে ঢাকায় পাঠানো হয়।
আহত হওয়া যাত্রী আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার সময় বাসের যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। চালকও সম্ভবত ঘুমের ঘোরে বাসটি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ আলী চুয়াডাঙ্গার দর্শনা থেকে করিমন চালিয়ে জীবননগরের দিকে যাচ্ছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের মনোহরপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস করিমনকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার পরপর বাস চালক পালিয়ে যান।