মাগুরা ও দিনাজপুরে সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় এবং দিনাজপুরের চিররবন্দর উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পৃথক সংঘর্ষে চার উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

মাগুরা: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শালিখার ছান্দড়া গ্রামে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির ও গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুই এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

পুলিশের আহত সদস্যরা হলেন এসআই মো. ইকবাল, আশরাফুল ইসলাম ও কনস্টেবল আবদুস সালাম। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লার অনুপস্থিতিতে থানার দায়িত্ব পালনকারী এসআই মো. ইকবাল সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন। আশরাফুল ইসলাম ও আবদুস সালামকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকবালের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীও আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ছান্দড়া গ্রামের ফারুক হোসেন (২৫) ও নড়াইলের নাসির আহমেদ (২৮) নামের শিবিরের দুই কর্মীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা শালিখার ছান্দড়া দাখিল মাদ্রাসার পাশে একটি মসজিদে অভিযান চালায়। সেখানে জামায়াত-শিবিরের ১৭-১৮ জন নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন। পুলিশ মসজিদটির চারপাশ ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে শিবিরের দুই কর্মীকে আটক করে। জামায়াত-শিবিরের কর্মীরা ডাকাত ডাকাত চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ, জামায়াত-শিবির ও গ্রামবাসীর মধ্যে প্রায় দুই ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটি গুলি ছোড়ে পুলিশ। গুলিতে জামায়াত-শিবিরের বেশ কয়েকজন কর্মী আহত হন।

সহকারী পুলিশ সুপার (এএসপি) সাহেব আলী পাঠান ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, শিবিরের সদস্য ফরম, প্রচারপত্র ও কিছু ইসলামি বই উদ্ধারের কথা জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ সুপার জিহাদুল কবীর।

দিনাজপুর: গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে জামায়াত-শিবির কর্মীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। তাঁদের চিরিরবন্দর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রানীরবন্দরে ইছামতী ডিগ্রি কলেজ মাঠে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল। শতাধিক কর্মী ওই বৈঠকে যোগ দেন। গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমানের নেতৃত্বে ১৫-২০ সদস্যের একদল পুলিশ সাদা পোশাকে কলেজ মাঠে প্রবেশ করে। পুলিশ সভাস্থল থেকে রানীরবন্দরে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি শিবিরের চিরিরবন্দর উত্তর থানা শাখার সাবেক সভাপতি মো. সাদেকুল ইসলাম (২৮) ও তৌহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করে।

এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে ইটের আঘাতে চিরিরবন্দর থানার এসআই মো. জিয়াউর রহমান ও মো. শরিফুল ইসলাম আহত হন।

চিরিরবন্দর থানার ওসি জানান, আহত দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে তাঁদের মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। গ্রেপ্তার করা শিবিরের দুই নেতাকে থানা হাজতে রাখা হয়েছে।