মাগুরা ও নাটোরে নয়টি প্রতিমা ভাঙচুর
মাগুরার মহমঞ্চদপুরে তিনটি গ্রামে গতকাল মঙ্গলবার আটটি ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সদর ইউনিয়নে গত সোমবার রাতে একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, মাগুরার মহমঞ্চদপুর উপজেলার দীঘা, বাবুখালী এবং বিনোদপুর ইউনিয়নের পাঁচুড়িয়া, হাটবাড়িয়া ও কানুটিয়া গ্রামে গতকাল ভোরে পাঁচটি সর্বজনীন ও ব্যক্তিগত মন্দিরে হামলা চালিয়ে আটটি বিভিন্ন ধরনের প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। তিন ইউনিয়নের সীমান্তবর্তী ও পাশাপাশি অবস্থিত গ্রাম তিনটি হিন্দু-অধ্যুষিত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের সর্বজনীন কালীমন্দিরে গৌরী ও শিবমূর্তি (প্রতিমা), গ্রামের সুশান্ত বিশ্বাসের (সুশান্ত মাস্টার) বাড়ির ব্যক্তিগত মন্দিরের বৈদ্যনাথ মূর্তি এবং পশ্চিমপাড়ার নগেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ির মন্দিরের কার্তিক প্রতিমা ভাঙচুর করা হয়। এ ছাড়া বাবুখালী ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের সর্বজনীন কালীমন্দিরের কালী প্রতিমাসহ দুটি মূর্তি এবং বিনোদপুরের কানুটিয়া গ্রামের অমল মজুমদারের বাড়ির ব্যক্তিগত মন্দিরের একটি মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। মূর্তিগুলোর কোনোটির হাত, কোনোটির মাথা ভেঙে ফেলা হয়েছে। দু-একটি প্রতিমা মন্দির থেকে তুলে নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দেওয়া হয়।
গ্রামের লোকজন জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মন্দিরগুলো বাঁশের বেড়া দিয়ে ঘেরা থাকলেও অরক্ষিত। তাই যে কেউ বর্তমান অবস্থার সুযোগ নিয়ে আতঙ্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটাতে পারে।
এর আগে সোমবার রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার সদর ইউনিয়নের খাকসা শ্মশান কালীমন্দিরের একটি ছোট প্রতিমার মাথা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ সরকার জানান, দিবাগত রাত দুইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাঁশের চ্যাগারের ফাঁক দিয়ে একটি ছোট প্রতিমা ফেলে দেওয়ায় সেটির মাথা ভেঙে যায়।
বড়াইগ্রামের ইউএনও মোহামঞ্চদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।