মাগুরা ও বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও রাজশাহীর বাগমারা উপজেলায় আজ শনিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

মাগুরা: মাগুরা শহরের অদূরে কুছুন্দি এলাকায় কাপড়বোঝাই পিকআপের সঙ্গে মহিষবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হন। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন (২৪) ও শহিদুল ইসলাম (২৬)। তাঁরা কাপড় ব্যবসায়ী ছিলেন। তাঁদের বাড়ি মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামে। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে কাপড় কিনে পিকআপে করে মাগুরায় ফিরছিলেন নয়জন খুচরা ব্যবসায়ী। আজ সকাল সাড়ে ছয়টার দিকে কুছুন্দি এলাকায় পৌঁছালে পিকআপটির চাকা ফেটে যায়। এ সময় ঢাকামুখী মহিষবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটি মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ থেকে ছিটকে পড়ে সাদ্দাম ঘটনাস্থলে নিহত হন। মাগুরা সদর হাসপাতালে মারা যান শহিদুল।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওজিয়ার রহমান প্রথম আলোকে বলেন, মুখোমুখি সংঘর্ষে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। পিকআপ ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

বাগমারা (রাজশাহী): রাজশাহীর বাগমারা উপজেলায় মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের শ্রীপুর হাজিপাড়া মোড়ে আজ শনিবার সকাল ১০টার দিকে পোনা মাছভর্তি একটি ভটভটি সামনে থাকা একটি ট্রলিকে ধাক্কা দিয়েছে। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়। ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহসিন আলী (২৬) নিহত হন। তিনি উপজেলার বাসুপাড়া গ্রামের বাসিন্দা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।