মাগুরা ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মাগুরা সদর উপজেলার বড়খড়ি ও জাগলা চারা বটতলা এলাকায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একই দিনে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান জানান, সদর উপজেলার নরসিংহাটি গ্রামের দাউদ হোসেন (৫৫) তাঁর মাদ্রাসাপড়ুয়া মেয়ে হাজেরা খাতুনকে (৮) নিয়ে বেলা পৌনে একটার দিকে মাদ্রাসা থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের বড়খড়ি এলাকায় একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাজেরা মারা যায়। এ সময় দাউদ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে যশোরের কুইন্স হাসপাতালে তাঁকে সিটি স্ক্যান করানোর সময় তিনি মারা যান।
এ ছাড়া বেলা দুইটার দিকে ওই সড়কের জাগলা চারা বটতলা এলাকায় রাশেদা খাতুন (২০) নামের এক তরুণী বাসচাপায় নিহত হন। তাঁর বাড়ি নওগাঁ জেলায়। রাশেদা কয়েক দিন আগে মাগুরায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসেন। গতকাল তিনি মোটরসাইকেলে করে আড়পাড়ায় যাওয়ার পথে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুরে গতকাল মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হন। নিহত একজন হলেন মাহেন্দ্রচালক সাইফুল মোল্লা (৩২)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামে। তবে নিহত কিশোরী (১৫) ও শিশুর (২) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত যাত্রী রাজু আহমেদ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহেন্দ্রটি পাংশা থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুরে একটি ট্রাককে পাশ কাটানোর সময় যাত্রীবাহী বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত ও রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চালক মারা যান।
কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস জানান, বাসের চালক পলাতক। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।