মাগুরা ও সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: সদর উপজেলার জাগলা বাজারের কাছে মাগুরা-যশোর সড়কের মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাইক্রোবাসের চালক নুরুল ইসলাম (৪২)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইক্রোবাসের আহত যাত্রী আবদুল গফফারের ভাষ্য, মাইক্রোবাসটি বেনাপোল থেকে রাজবাড়ী যাচ্ছিল। জাগলা বাজারের কাছে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রইচ উদ্দিন প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে রাশিদা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর দুটি পা ভেঙে গেছে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওজিয়ার রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা সদরের কুট্টাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। আজ সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. আবদুর নুর প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।