মাগুরা খুলনা যশোরে তিন তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরে মিকাঈল মোল্লা (২৮) নামের এক তরুণকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খুলনা নগরে মো. মহসীন (২০) নামের আরেক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার নগরের গোয়ালখালী কবরস্থানের ভেতরে থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এদিকে যশোর শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হুমায়ূন কবির (২০) নামের এক ব্যক্তি গতকাল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: মিকাঈলের ফুফাতো ভাই মিলন খন্দকার জানান, সম্প্রতি আজিজুল ইসলাম নামের এক প্রতিবেশী তরুণের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিকাঈলের কথা-কাটাকাটি হয়। মিলন খন্দকার অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজিজুল আট-দশজন লোক নিয়ে মিকাঈলের ওপর হামলা চালান। তাঁরা মিকাঈলকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মিকাঈল মারা যান। মিকাঈল পারনান্দুয়ালি মোল্লাপাড়ার মো. আছাদুজ্জামানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, মিকাঈল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কোরআনে হাফেজ। স্থানীয় মসজিদে নামাজ পড়াতেন। তাঁকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা: গতকাল সকালে নগরের গোয়ালখালী কবরস্থানে মহসীন নামের এক তরুণের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বুধবার ভোরে দুর্বৃত্তরা মহসীনকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মহসীনের ছোট ভাই মো. আক্কাস এসে লাশ শনাক্ত করেন।
যশোর: শহরের নীলগঞ্জ এলাকার আবদুল ওহাব খানের ছেলে হুমায়ূন কবিরের সঙ্গে সম্প্রতি একই এলাকার ইজিবাইকচালক ইব্রাহিমসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ২৭ ডিসেম্বর হুমায়ুনকে ছুরিকাঘাত করে জখম করা হয়। ওই দিনই তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তিনি মারা যান। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হুমায়ুনের বাবা যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।