মাগুরা গণিত ক্লাবের উদ্যোগে গণিত উৎসব
‘গণিতের ভয় করব জয়, গণিতকে ভালোবেসে’ স্লোগানে মাগুরায় গতকাল শুক্রবার নান্দুয়ালি ডিইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গণিত উৎসব। উৎসবে মাগুরা শহরের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী অংশ নেয়। মাগুরা গণিত ক্লাব এ উৎসবের আয়োজন করে।সকালে উৎসবের উদ্বোধন করেন নান্দুয়ালি ডিইউ মাধ্যমিক বিদ্যালয় ও কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান ও কুমুদ রঞ্জন বিশ্বাস।গতকাল সকাল ৯টায় উৎসব শুরু হয়। আয়োজকেরা ঢাকা থেকে গণিতবিষয়ক প্রশ্নপত্র তৈরি করে নিয়ে আসেন। সেই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এ উৎসবে অংশগ্রহণ উন্মুক্ত ছিল। তৃতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পৃথকভাবে পরীক্ষা নেওয়া হয়।ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গণিতকে খুব ভয় পেতাম। পরে দেখলাম, আনন্দের সঙ্গে গণিতের জটিল কঠিন সমস্যার সমাধান করা সম্ভব। তাই এমন উদ্যোগ নেওয়া।’ক্লাবের সভাপতি আমিনুর রহমান বলেন, ‘আমরা এই ক্লাবের মাধ্যমে সমাজ বদলে দেব। এভাবে একদিন দেশ বদলের অংশীদার হব। ক্লাবের সব সদস্য এ শপথ নিয়েছি।’ বিকেলে উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সামির ভৌমিক।