মাগুরা জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার দুপুরে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১১ বছর পর জেলা আওয়ামী লীগের এ সম্মেলন হলো।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। অন্যদের মধ্যে দলের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ সিরাজুল আকবর ও কামরুল লায়না বক্তব্য দেন।
সম্মেলনের শুরুতে অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে কাউন্সিল অধিবেশন হয়। এতে সিরাজুল আকবরকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।