মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের পুরোনো ভবনের বারান্দা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।র‌্যার সূত্রে জানা গেছে, বস্তুটির ভেতরে বিটুমিনজাতীয় জ্বালানি পদার্থ ছিল। সেটি বিস্ফোরিত হলে ধোঁয়া ও আগুনের সৃষ্টি হতে পারত। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ওই বস্তুটি ওখানে রাখতে পারে।জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার রাতে আকতার হোসেন ও মফিজুর রহমান নামের দুই নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা পুরোনো ভবনের সিআইডি ও বিআরটিএ কার্যালয়ের মাঝখানে বারান্দায় কাঠের বাক্সের পাশে জর্দার কৌটাসদৃশ বস্তুটি দেখতে পান। ওই বস্তুটির ভেতর থেকে দুটি তার বের হয়ে ছিল। পরে তাঁরা বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়। র‌্যাব-৬-এর প্রধান মেজর জাহিদ প্রথম আলোকে জানান, দাহ্যপদার্থ দিয়ে বস্তুটি তৈরি করা হয়েছিল। দুটি তার দিয়ে সংযোগ দেওয়া ছিল। তার দুটি এক হলে বিস্ফোরণের আশঙ্কা ছিল।