মাগুরা জেলা বাসমালিক গ্রুপের অনুকূলে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনপত্র গত ১৯ এপ্রিল বাতিল করা হয়েছে। সংগঠনটির সাবেক সভাপতি মীর আবু সাহিদের গ্রেপ্তার দাবি করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গতকাল রোববার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ সেপ্টেম্বর ঐক্য পরিষদের তিন দফা দাবি ২০ সেপ্টেম্বরের মধ্যে মেনে নেওয়া না হলে ২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন, ট্রাক ও ট্যাংকলরি ধর্মঘট শুরু হবে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, মাগুরা ও ফরিদপুরের বাসমালিক ও শ্রমিক নেতাদের নিয়ে আজ সোমবার সভার আয়োজন করা হয়েছে। সভায় মাগুরার জেলা প্রশাসকও উপস্থিত থাকবেন।এ প্রসঙ্গে মীর আবু সাহিদ বলেন, ‘আমাদের ছোট জেলা। তাই আমাদের ওপর অন্যায় অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের উদ্যোগে নেওয়া সোমবারের (আজ) সভায় আমরা যোগ দেব। আমরা আমাদের কষ্ট ও বেদনার কথা সেখানে তুলে ধরব।’সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রীর নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজির অভিযোগে ফরিদপুর বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাসমালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলম মুকুলের অপসারণসহ সাত দফা দাবিতে মাগুরা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে। ওই দাবি পূরণ না হলে আজ সোমবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশপথ মাগুরার ওপর দিয়ে সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।