মাগুরা জেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ এনে এই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। এই দাবিতে ১২ অক্টোবর বিক্ষোভ মিছিল ও মাগুরার নোমানী ময়দানে এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।গতকাল শনিবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্র অননুমোদিত জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্র অননুমোদিত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক। এতে অভিযোগ করা হয়, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা এই দলের রাজনীতির সঙ্গে জড়িত জেলা কমিটিতে তাঁদের রাখা হয়নি। বর্তমান কমিটির সভাপতি কবীর মুরাদ দুর্নীতিবাজ। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ও অনৈতিক সুবিধা নিয়ে তিনি রাজনীতিতে অপরিচিত ব্যক্তিদের কমিটিতে জায়গা করে দিয়েছেন। তিনি নেতৃত্বে আসার পর জেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন মাঠপর্যায়ে পর্যন্ত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বর্তমান কমিটির অধিকাংশ নেতা ঢাকায় থাকেন। মাগুরার রাজনীতির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বহু মামলা রয়েছে। একাধিকবার কারাবাস করেছেন তিনি। এ ছাড়া কমিটিতে স্থান পাওয়া অনেকেই বিগত দিনে টেন্ডারবাজিসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ প্রথম আলোকে বলেন, ‘আমি অযোগ্য-দুর্নীতিবাজ হলে কেন্দ্র আমাকে সভাপতি বানাত না।’জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, ‘আমি সন্ত্রাসী-চাঁদাবাজ হলে তাঁরা আমার নেতৃত্বে কীভাবে ১০ বছর রাজনীতি করলেন।’মাগুরা জেলা বিএনপির দুই গ্রুপ ২০০৯ সালের ২৫ নভেম্বর পৃথক সম্মেলনের মাধ্যমে দুটি কমিটি গঠন করে। একপক্ষ কবীর মুরাদকে সভাপতি ও আলী আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচন করে। অপরদিকে মোকাদ্দেস হোসেনকে সভাপতি ও ইকবাল আক্তারকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় পাল্টা কমিটি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটি কবীর মুরাদ ও আলী আহমেদের কমিটিকে অনুমোদন দেয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: মোকাদ্দেস হোসেন, নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, সাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম ও আকতার হোসেন।