মাগুরা জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতা-কর্মীরা গতকাল বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে তাঁরা জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিএনপির তিন নেতার কুশপুত্তলিকা দাহ করেন। স্থানীয় নোমানী ময়দানে বেলা ১১টায় শুরু হওয়া এ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে জেলা বিএনপির একাংশের সভাপতি মোকাদ্দেস হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, বিএনপির নেতা আমিনুল ইসলাম, নাজিম উদ্দিন, ফারুক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুবউদ্দিন, জেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, কবীর মুরাদ অযোগ্য ও দুর্নীতিবাজ। তিনি অনৈতিক সুবিধা নিয়ে কিছু ব্যক্তিকে বিএনপির কমিটিতে জায়গা করে দিয়েছেন। তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি ও এর সহযোগী সংগঠন মাঠ পর্যায় পর্যন্ত বিভক্ত হয়ে পড়েছে। এ ছাড়া সাধারণ সম্পাদক আলী আহমেদ একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন। বক্তারা বলেন, জেলা বিএনপির বর্তমান কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহর ঘোরার সময় ভায়না মোড়ে কবীর মুরাদ, আলী আহমেদ ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন। অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ প্রথম আলোকে বলেন, অযোগ্য-দুর্নীতিবাজ হলে কেন্দ্র আমাকে সভাপতি বানাত না। আমাকে অস্বীকার করার অর্থ তাঁরা বেগম খালেদা জিয়াকে মানেন না। তাঁরা যত আন্দোলন-সংগ্রামই করুক, আমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব।’সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেন, ‘পদবঞ্চিত ব্যক্তিরা আবারও যাতে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে পারেন সে জন্য এখনই মরিয়া হয়ে উঠেছেন। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। সন্ত্রাসী-চাঁদাবাজ হলে বিএনপির মতো গণতান্ত্রিক দল আমাকে কোনোভাবেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিত না।’