মাগুরা-ঝিনাইদহ সড়কে পরিবহন ধর্মঘট
মাগুরা-ঝিনাইদহ সড়কে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।মাগুরা জেলা বাস মালিক গ্রুপের নেতা এস এ সাদী জানান, মাগুরা বাস মালিক গ্রুপের বাস ঝিনাইদহ বাইপাস হয়ে শহর ঘুরে ঝিনাইদহ বাস টার্মিনালে যায়। এ নিয়ে কিছুদিন ধরে দুই জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব চলছিল। ১১ জুলাই বাইপাস হয়ে শহর ঘুরে টার্মিনালে বাস নেওয়ার কথিত অপরাধে ঝিনাইদহের শ্রমিকেরা মাগুরার বাসচালক নওশের আলীকে মারপিট এবং বাসটি ভাঙচুর করেন। বিষয়টি ওই দিনই ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নকে জানানো হলেও কোনো সালিস-মীমাংসা হয়নি। বরং তারা ঝিনাইদহে যাওয়া কয়েকটি বাস মাগুরায় ফেরত পাঠায়। এ ঘটনার প্রতিবাদে মাগুরার বাস মালিক-শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ঘটনার সুষ্ঠু বিচার না হলে মঙ্গলবার থেকে মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস চলাচল বন্ধের ঘোষণাও দেওয়া হয়। ওই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে।মাগুরার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।’মাগুরার জেলা প্রশাসক সুশান্ত কুমার সাহা বলেন, ‘আমরা ঝিনাইদহ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু ঝিনাইদহের বাস মালিক-শ্রমিকেরা উদ্যোগী হচ্ছেন না। ফলে বিষয়টি এখনো সমাধান হয়নি।’জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।