মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে টানা ক্লাস বর্জন শুরু করেছেন শিক্ষার্থীরা। গত সোমবার তাঁরা স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছেন। জানা গেছে, মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসংলগ্ন এলাকার কিছু বাসিন্দা চলাচলের সুবিধার জন্য ক্যাম্পাসের ভেতর দিয়ে রাস্তা তৈরির দাবি করছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে পৌর কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করে। ঠিকাদার রাস্তা নির্মাণের জন্য ক্যাম্পাসের সীমানাপ্রাচীরের একাংশ, ভেতরের কয়েকটি পাকা পায়খানা ও একটি ভবনের অংশবিশেষ ভাঙতে শুরু করে। শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা কোনোভাবেই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে রাস্তা হতে দেবেন না। প্রয়োজনে প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেবেন। তাঁরা আরও বলছেন, তাঁদের প্রতিষ্ঠানের পাশেই মাগুরা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)। রাস্তা নির্মাণ করা হলে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।স্থানীয় লোকজন বলছেন, ওই দুটি প্রতিষ্ঠানের পেছনে বসবাসকারী ৩০-৪০টি পরিবার দীর্ঘদিন ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। সরাসরি প্রধান সড়কে যাওয়ার রাস্তা না থাকায় তাদের অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়। তারা একটি রাস্তার জন্য দেনদরবার করে আসছিল। দীর্ঘদিন পর পৌর কর্তৃপক্ষ তাদের ওই দাবির ব্যাপারে সাড়া দিয়েছে।মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের ভেতর দিয়ে রাস্তা দেওয়ার ক্ষমতা আমার নেই। তার পরও জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমরা অনেকবার আলোচনা করেছি। একপর্যায়ে সিদ্ধান্ত হয়, স্থানীয় জনগণ রাস্তার সমপরিমাণ জায়গা প্রতিষ্ঠানকে দিলে রাস্তার জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু ওই জমি এখনো দেওয়া হয়নি।’ পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম সরোয়ার মোল্লা বলেন, ‘গণদাবির পরিপ্রেক্ষিতে আমরা ওই রাস্তা করছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে।’