মাগুরা-ঢাকা পথে বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিলোমিটারপ্রতি সরকার নির্ধারিত বাস ভাড়া এক টাকা ৩৫ পয়সা! সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব ৩০০ কিলোমিটার। চেয়ারকোচে সাতক্ষীরা-ঢাকার ভাড়া নেওয়া হয় ৪৫০ টাকা। খুলনা থেকে ঢাকার দূরত্ব প্রায় একই। ভাড়াও একই রকম। মেহেরপুর থেকে ঢাকার দূরত্ব ২৮০ কিলোমিটার। এখানে চেয়ারকোচের ভাড়া ৩৫০ টাকা। মাগুরা থেকে ঢাকার দূরত্ব ১৭৫ কিলোমিটার। অথচ বাস ভাড়া ৪০০ টাকা। বাস ভাড়ায় এমন বৈষম্যের কারণে আন্দোলনে নেমেছে ঢাকাস্থ মাগুরা ছাত্রসমাজ। ছাত্রদের এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে মাগুরার সাধারণ মানুষও।গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্ররা ‘বৈষম্যমূলক ভাড়া আদায় রুখব এবার আমরা সবাই’ স্লোগান নিয়ে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মসূচি চলে। পরে তাঁরা মাগুরা-ঢাকার বাস ভাড়া কমানোসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।দাবিগুলোর মধ্যে ডিজেলচালিত চেয়ারকোচের ভাড়া (মাগুরা থেকে ঢাকা) সর্বোচ্চ ২৫০ টাকা করা, মাগুরার যাত্রীদের জন্য প্রতিটি চেয়ারকোচে ১০টি এবং সাধারণ কোচে ১৫টি আসন সংরক্ষণ, ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে ইচ্ছামতো টিকিটের দাম বাড়ানো বন্ধ করা অন্যতম।এসব দাবি পূরণ না হলে ১৫ এপ্রিল থেকে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। ঢাকাস্থ মাগুরা ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হলেও নানা শ্রেণী-পেশার কয়েক শ মানুষ এতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তৃতা করেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবুল আলম, শিক্ষার্থী এইচ এম মোস্তফা কামাল, আইনজীবী হাসান সিরাজ, শামসুল আলম, শওকত আলী, আমিনুর রহমান খান প্রমুখ। ঢাকা আহ্সানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার শফিকুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া ধরলে মাগুরা থেকে ঢাকা পর্যন্ত চেয়ারকোচে ভাড়া হওয়ার কথা ২৩৬ টাকা ২৫ পয়সা। নিয়মানুযায়ী চলতি বছরের ২ জানুয়ারি থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে।’ শওকত আলী নামে এক ব্যক্তি বলেন, ‘দর্শনা থেকে যেসব যাত্রী ঢাকায় যান, তাঁদের কাছ থেকে বাস ভাড়া নেওয়া হয় ৩০০-৩৫০ টাকা। মজার ব্যাপার হলো, মাঝপথে ওই বাসে মাগুরা থেকে কোনো যাত্রী উঠে ঢাকায় যেতে চাইলে তাঁকে ৪০০ টাকা দিতে হয়। এমন অনিয়ম ও বিস্ময়কর ঘটনা দেশের কোথাও আছে বলে আমার জানা নেই।’ পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালে সোহাগ পরিবহনের মাগুরার কাউন্টার ব্যবস্থাপক ইমদাদুল ইসলাম বলেন, ‘ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ নির্ধারিত ভাড়াই আমরা নিচ্ছি।’বিআরটিএ খুলনা বিভাগীয় সহকারী পরিচালক সেলিম বখ্ত প্রথম আলোকে বলেন, ‘বিআরটিএ থেকে কিলোমিটারপ্রতি এক টাকা ৩৫ পয়সা বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর বেশি নেওয়ার সুযোগ নেই। তবে কোনো রুটে যদি ফেরি থাকে, তবে বাস ভাড়ার সঙ্গে ফেরির মাসুল যুক্ত হবে।’