মাগুরা পৌরসভা থেকে অপহৃত এক গৃহবধূকে (২২) প্রায় দুই মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এ সময় পারভেজ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মাগুরা থেকে মো. রাশেদ (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছিল। বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব হাসনাবাদ গ্রামে। পারভেজের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারির বিএনএ ১ নম্বর গেট এলাকায়। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা মুঠোফোনে প্রেমের ফাঁদ পেতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সদস্য।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার এক গৃহবধূ গত ২৪ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাসখানেক আগে গৃহবধূর স্বামীর কাছে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, তাঁর স্ত্রী বেঁচে আছেন। স্ত্রীকে পেতে এক লাখ টাকা দিতে হবে। তিনি পুলিশকে মুক্তিপণ দাবির বিষয়টি জানান। পুলিশ মুঠোফোন নম্বরটি অনুসন্ধান করে দেখে, সেটি চট্টগ্রামে ব্যবহার করা হচ্ছে। পরে ওই নম্বরে কথা বলে এক ব্যক্তির সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন গৃহবধূর এক আত্মীয়। তিনি ওই ব্যক্তিকে মাগুরায় আসতে বলেন। কথামতো গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় আসেন। সেখান থেকে রাশেদকে আটক করে পুলিশ। রাতেই গৃহবধূর স্বামী বাদী হয়ে সদর থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদে রাশেদ স্বীকার করেন চট্টগ্রামের ভাটিয়ারিতে আটক আছে অপহৃত গৃহবধূ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, রাশেদের দেওয়া তথ্য সীতাকুণ্ড থানা-পুলিশকে জানানো হয়। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ভাটিয়ারিতে মিলিটারি একাডেমির পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের আরেক সদস্য পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রেমের ফাঁদ পেতে নারীদের অপহরণ করে ওই বাড়িতে আটকে রাখত। পরিবারের কাছে মুক্তিপণ আদায় করত। আজ (গতকাল) রাতে মাগুরা সদর থানা-পুলিশ উদ্ধার হওয়া গৃহবধূ ও গ্রেপ্তার ব্যক্তিকে আনতে সীতাকুণ্ড রওনা হবে।