মাগুরা পৌরসভার বাসিন্দাদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার পক্ষ থেকে বর্ধিত করের ৫০ শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সাংসদ ও তাঁর সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা বন্ধের দাবিতে পৌরসভার অনির্দিষ্টকালের ধর্মঘট আংশিকভাবে পালন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় ও মাগুরা-১ আসনের সাংসদ মো. সিরাজুল আকবরের মধ্যে বিরোধ চলছে। চলতি অর্থবছরে পৌর কর্তৃপক্ষ নতুন করে করারোপ করে। পৌর নাগরিকেরা নতুন করে আরোপিত ওই করকে অস্বাভাবিক হিসেবে দাবি করে আসছিলেন। গত মঙ্গলবার মাগুরা কলেজপাড়া শৃঙ্খলা ও সামাজিক উন্নয়ন কমিটির উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ মাঠে বর্ধিত কর বাতিলের দাবিতে নাগরিক মতবিনিময় সভার ডাক দেয়। পৌরসভার কার্যক্রমে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল আকবরের অনৈতিক হস্তক্ষেপ ও তাঁর সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা বন্ধের দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে। একই দিন বর্ধিত পৌরকর বাতিলের দাবিতে স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে স্থানীয় সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভা হয়। ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় বলেন, নাগরিকদের অসুবিধার কথা বিবেচনা করে করের ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৌর নাগরিকদের অসুবিধার কথা বিবেচনা করে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট আংশিক প্রত্যাহার করা হয়েছে। এখন পৌরসভার সেবামূলক ও দাপ্তরিক কাজগুলো করা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এস আকবর ও তাঁর সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা বন্ধ এবং তাঁদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পৌর এলাকায় সব উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে। স্থানীয় সাংসদ সিরাজুল আকবর পৌরসভার কার্যক্রমে হস্তক্ষেপ ও পৌরসভা থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।