মাগুরা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ মে এ উপনির্বাচন হবে। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হানিফ উদ্দিন রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল। বাছাই ১১ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ ১৮ এপ্রিল। ভোট গ্রহণ হবে ৬ মে। ২০১১ সালের ২৭ জানুয়ারি মাগুরা পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে আলতাফ হোসেনের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। চুয়াডাঙ্গার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ২০ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১ এপ্রিল নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল, ৩ ও ৪ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১১ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার, ১২ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। যেসব ইউনিয়নে নির্বাচন হবে, সেগুলো হচ্ছে জীবননগর উপজেলার বাঁকা, রায়পুর ও হাসাদহ এবং আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন।