মাগুরা-ফরিদপুর মালিকপক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও ফরিদপুর বাস মালিক গ্রুপের দ্বন্দ্ব এবং পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সড়ক পরিবহনব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে এই অঞ্চলে যাত্রীবাহী বাস চলাচল অনিশ্চয়তার মুখে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নৌপরিবহনমন্ত্রীর নাম ভাঙিয়ে সড়কে চাঁদাবাজির অভিযোগে ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলমের অপসারণসহ সাত দফা দাবিতে মাগুরা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন গত রোববার যৌথ সংবাদ সম্মেলন করে। মালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে মাগুরার ওপর দিয়ে সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।এর আগে ফরিদপুর বাস মালিক গ্রুপ মাগুরা বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাহিদের অপসারণ দাবি করে। তারা ২০ সেপ্টেম্বরের মধ্যে ওই দাবি পূরণ না হলে পরদিন থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুর রহমান বলেন, ‘ঈদের আগে মাগুরা বাস মালিক গ্রুপ প্রতিবছরের মতো এবারও দৌলতদিয়া থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে কিছু বাস চালায়। কিন্তু এবার ফরিদপুর বাস মালিক গ্রুপ বাসপ্রতি কমপক্ষে এক হাজার ২০০ টাকা চাঁদা আদায় শুরু করে। একপর্যায়ে মাগুরার বাস তারা ফেরত পাঠায়। কোনো কোনো বাস থেকে তারা পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা তুলেছে। ফরিদপুর বাস মালিক গ্রুপের চাঁদাবাজিতে আমরা অতিষ্ঠ। তাদের চাঁদাবাজির কারণে ফরিদপুর হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথে এখন মাগুরার বাস চলাচল বন্ধ রয়েছে। তাই বাধ্য হয়ে আমরা ওই কর্মসূচি ঘোষণা করেছি। দাবি মানা না হলে আমরা আপাতত ৭২ ঘণ্টার কর্মসূচি পালন করব।’একই ধরনের অভিযোগ করে মাগুরা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক বলেন, ‘আমরা ওই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমরা ফরিদপুরের বাসে চাঁদাবাজি করছি। মূলত ফরিদপুর বাস মালিক গ্রুপের সঙ্গে আমাদের দ্বন্দ্বের কারণে তাদের ৮-১০টি বাস মাগুরার ওপর দিয়ে চলছে না। আবার আমাদেরও ১৫-২০টি বাস ফরিদপুরের দিকে যাচ্ছে না। অন্য সব জেলার মালিক গ্রুপের বাস নিয়মিত চলছে।’অভিযোগ অস্বীকার করে ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘মাগুরা বা অন্য কোনো মালিক সমিতির বাস থেকে চাঁদা ওঠানোর প্রশ্নই ওঠে না।’দক্ষিণ-পশ্চিমাঞ্চল বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলম বলেন, ‘মাগুরার বাস থেকে চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়। ঈদের আগে হয়তো এ রুটে চলাচলকারী বাস থেকে ঈদ বোনাসের নামে কিছু টাকা-পয়সা শ্রমিকেরা নিতে পারেন। সেটাকে চাঁদাবাজি বলা চলে না। ওই সময় পরিস্থিতি এমন থাকে যা আমাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে যায়। তবে ফরিদপুরসহ এ অঞ্চলের কোনো বাস মাগুরার ওপর দিয়ে গেলেই মীর সাহিদের লোকজনকে চাঁদা দিতে হয়। তাই আমাদের এক দফা দাবি তাঁর অপসারণ।’মাগুরা বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাহিদ বলেন, ‘ফরিদপুর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুল ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শাহ আলমের চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁরা আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করছেন। তাঁরা চাঁদা তোলার ক্ষেত্রে নৌপরিবহনমন্ত্রীর নাম ভাঙান। ওই দুজনকে তাঁদের পদ থেকে অপসারণ করা না হলে আমরাও মাগুরার ওপর দিয়ে কোনো যাত্রীবাহী পরিবহন চলতে দেব না।’