মাগুরা বিএনপির সভায় সহিংসতা, ২৪ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরে পাল্টাপাল্টি কর্মিসভাকে কেন্দ্র করে শনিবার বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ৩০টি বোমার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় বিএনপির ৮৭ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে।মামলায় আসামি হিসেবে পুলিশ গতকাল রোববার ভোরে মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী করিম, জ্যেষ্ঠ সহসভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ও মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, কোষাধ্যক্ষ কমলেশ সাহা, শালিখা উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী মুরাদুজ্জামান, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম, খলিলুর রহমান, মাগুরা সদর উপজেলা বিএনপির নেতা খিজিল হোসেন, বাচ্চু খান, যুবদল নেতা মুস্তাক আহমেদ, মো. রাজাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে।বিএনপির নেতাদের মাগুরা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে জামিন প্রার্থনা করা হলে আদালতের বিচারক শেখ মো. জালাল উদ্দিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মাগুরা জেলা বিএনপির কেন্দ্রীয় অনুমোদিত কমিটি শনিবার বেলা তিনটায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে কর্মিসভা আহ্বান করে। একই সময় ওই মিলনায়তনের অদূরে শহরের এম আর রোডের সৈয়দ আতর আলী পাঠাগারের পাশে বিএনপির অন্য পক্ষ কর্মিসভার ডাক দেয়। বেলা সাড়ে তিনটার দিকে মোকাদ্দেস হোসেন ও ইকবাল আকতার পক্ষের নেতা-কর্মীরা কবীর মুরাদ ও আলী আহমেদ পক্ষের আছাদুজ্জামান মিলনায়তনের কর্মিসভা পণ্ড করতে হামলা চালান। এ সময় তাঁরা কমপক্ষে ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে বিবদমান দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। শনিবার বিকেলে শহরে বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও বোমাবাজির মাধ্যমে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মাগুরা সদর থানার উপপরিদর্শক সুবাস চন্দ্র বাদী হয়ে শনিবার রাতে ওই মামলা করেন। বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও বোমা বিস্ফোরণের সময় যাঁরা উপস্থিত ছিলেন না, পুলিশ পরিকল্পিতভাবে হয়রানি এবং অর্থ-বাণিজ্যের উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আটক বিএনপির নেতারা ছাড়াও এ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহসভাপতি মনোয়ার হোসেন খান, আহসান হাবিব, যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান খানকেও আসামি করা হয়েছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ওই মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করেছে।