মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. রুস্তম আলী ৫৫ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আলী আহমেদ পেয়েছেন ২৭ হাজার ৯১ ভোট।
আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির পেয়েছেন ১৮ হাজার ৪৬৩ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সৈয়দ রবিউল ইসলাম গতকাল রাতে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের, আওয়ামী লীগের প্রবীণ নেতা রুস্তম আলী, জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক ও ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত একক প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।
মোট ভোটার ছিলেন ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ জন। ১০৫টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ১ হাজার ৩৩৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি নেতা মো. নাজিম উদ্দিনের মৃত্যুতে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়। তিনি গত ২২ এপ্রিল মারা যান।