মাগুরা সদর হাসপাতালে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন খাতের ৬৮ কর্মকর্তা-কর্মচারী গতকাল রোববার থেকে কর্মবিরতিসহ লাগাতার আন্দোলন শুরু করেছেন। আন্দোলনের কারণে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোগীরা ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মাগুরা ৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ সমাপ্ত প্রকল্পের আওতায় ১৯৯৮ সালের ২৮ জুন ৭৬ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নিয়োগের দুই দিন পর ওই সব কর্মকর্তা-কর্মচারী চাকরি ও বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। কিন্তু পরবর্তী সময়ে সরকার অনিয়মিতভাবে ওই সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করে আসছিল। এভাবে ২০০৩ সালের জুন পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। বর্তমানে ওই প্রকল্পে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৬৮ জন। চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়া ওই সব কর্মকর্তা-কর্মচারী গতকাল রোববার সকালে সিভিল সার্জনের কার্যালয়ে ঢোকার পথে অবস্থান নেন। ওই কার্যালয় ঘেরাও করে রাখেন তাঁরা। জরুরি বিভাগ ছাড়া সব চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও ওই প্রকল্পে চিকিৎসক জয়ন্ত কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘আমাদের আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে আমরা আন্দোলন কর্মসূচি পালন করছি। আমাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। সিভিল সার্জন হুমায়ুন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাঁদের সমস্যাটি দীর্ঘদিন ঝুলে আছে। এর আগেও তাঁরা আন্দোলন করেছেন। তাঁরা আবারও আন্দোলন শুরু করেছেন। আমি তাঁদের আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।