মাগুরা সদর উপজেলার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গত রোববার বিকেলে হামলা চালিয়ে তিন কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে জখম করা হয়। মাসিক চাঁদার টাকা না পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ করেছেন ভূমি কর্মকর্তারা।হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছেন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকেরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।সদরের সাব-রেজিস্ট্রার সুকুমার চন্দ্র দেউড়ি বলেন, রোববার বিকেলে ছাত্রলীগের সাত-আটজন নেতা-কর্মী চাঁদার টাকা না পেয়ে কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অফিস সহকারী মনিরুল ইসলাম ও মোহরার মিহির কুমার সেনকে পিটিয়ে জখম করেন।আহত মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল, সহসভাপতি রুহুল, সাংগঠনিক সম্পাদক মুক্তাসহ ছয়-সাতজন নেতা-কর্মীকে প্রতি মাসে ৪০ হাজার টাকা করে নিয়মিত চাঁদা দিতে হয়। কিন্তু সাব-রেজিস্ট্রার সুকুমার চন্দ্র দেওড়ির বদলির আদেশ হওয়ায় তিনি গতকাল বিকেলে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে অফিসে ঢুকে আমাকেসহ তিনজনকে মারধর করেন। পরে অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শহরের টার্মিনাল এলাকায় আমাকে পিটিয়ে আহত করেন। এ সময় আমার কাছে থাকা এক লাখ টাকা লুট এবং আমার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।’হামলা ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের কোনো ছেলে হামলার ঘটনায় জড়িত নয়।’ তিনি অফিস সহকারী মনিরুলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে তাঁর সম্পদের উৎস সম্পর্কে লেখার অনুরোধ করেন।মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘হামলার ঘটনায় কোনো মামলা না হওয়ায় কাউকে আটক করা যায়নি।’