মাগুরা-১ আসনের নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল আকবর নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ এনে মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের নির্বাচন বাতিলের দাবিতে শ্রীপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা শহরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরাসহ দুই সহস্রাধিক নারী-পুরুষ এ কর্মসূচি পালন করেন। তাঁরা নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে দুই সহস্রাধিক নারী-পুরুষ শ্রীপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা শহর ঘুরে স্থানীয় বটতলা চৌরঙ্গী মোড়ে এসে পথসভায় পরিণত হয়। সভায় বক্তব্য দেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসানুজ্জামান হান্নান, ইউপি সদস্য ওহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ভোট কারচুপি করে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল আকবরকে জিতিয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়ার এজেন্টদের বের করে দিয়ে ভোটকেন্দ্র দখল করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভোট হলে নির্বাচনে কোনোভাবেই সিরাজুল আকবর নির্বাচিত হতে পারতেন না।
স্বতন্ত্র প্রার্থী শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া অভিযোগ করে বলেন, ‘নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক ভোট কারচুপি করা হয়েছে। অন্তত ২১টি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে নৌকা প্রতীকে ইচ্ছামতো জাল ভোট দেওয়া হয়েছে।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাংসদ মো. সিরাজুল আকবর বলেন, ‘নির্বাচনে কোনো কারচুপি হয়নি। কারচুপি করে এত বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করা যায় না। নির্বাচনের তিন দিন পর কেউ যদি মিছিল-মিটিং করে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ তোলেন, তাতে আমার কী বলার আছে?’
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বুধবার বলেন, ফলাফল গেজেট আকারে প্রকাশের পর নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হবে। কারও কোনো অভিযোগ থাকলে ওই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে হবে।