মাগুরায় অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন
অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম আলো মাগুরা বন্ধুসভার উদ্যোগে গতকাল সোমবার সকালে শহরের এম আর সড়কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।
সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বন্ধুসভার সদস্যদের সঙ্গে মাগুরা মহিলা পরিষদসহ মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কালেক্টরেট স্কুল ও দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম বলেন, ‘অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’
বন্ধুসভার সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বলেন, ‘আর যেন একটি মুখও অ্যাসিডে ঝলসে না যায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অ্যাসিড-সন্ত্রাসের মতো জঘন্য কাজে আমরা যেন কেউ জড়িত না হই।’