মাগুরায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, বোমাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে গতকাল শনিবার দিনভর দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও বোমাবাজি হয়েছে। এ সময় গুলিবর্ষণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সশস্ত্র মহড়ার ঘটনা ঘটে। এতে শহর ও শহরতলিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্্রাওয়ার্দী কলেজ চত্বর থেকে শহরে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে ভায়না মোড় চৌরাস্তায় পৌঁছালে ছাত্রদলের কিছু নেতা-কর্মী ওই মিছিলের সামনে আট-নয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটান। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
প্রায় একই সময় ছাত্রদলের কিছু নেতা-কর্মী মিছিল বের করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ছাত্রলীগের কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন। পরে বেলা দেড়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা দ্বিতীয় দফায় ছাত্রলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এর কিছু আগে ছাত্রদলের কর্মীরা ঢাকা রোড এলাকায় ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।
এরপর বেলা তিনটার দিকে ছাত্রলীগ হাতবোমা ফাটাতে ফাটাতে সশস্ত্র অবস্থায় চৌরঙ্গী মোড়ে এসে বিএনপির এক পক্ষের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ওই কার্যালয়ের সামনে জেলা বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে ছাত্রলীগ, ছাত্রদল ও পুলিশের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা ত্রিমুখী সংঘর্ষ হয়। পুলিশ ২০-২৫টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আমির ওসমান বলেন, ‘ভায়না মোড় এলাকায় বিএনপির নেতা মনোয়ার হোসেন খানের সমর্থক ছাত্রদলের নেতা-কর্মীরা অকারণে আমাদের ওপর বোমা হামলা চালান।’
জেলা প্রশাসক মাসুদ আহমেদ প্রথম আলোকে বলেন, শহরে পুলিশের পাশাপাশি র‌্যাব টহল দিচ্ছে।