মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ সময় ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গ্রেপ্তার-আতঙ্কে অনেক পুরুষ গ্রাম ছেড়েছেন।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই গ্রামের বিএনপির নেতা মুজিবর রহমান খান ও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান শিকদারের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে মোটরসাইকেল ও ভ্যানের পাশ কাটানো নিয়ে গ্রামের মনিরুল ইসলামের সঙ্গে রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তির বচসা হয়। এ সময় রিয়াজুলের চাচা সিরাজ মিয়াকে মনিরুল মারধর করেন। মনিরুল মিজানুর ও রিয়াজুল মুজিবরের সমর্থক। বেলা সাড়ে ১১টার দিকে এ নিয়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে মহমঞ্চদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় রকিবুল ইসলাম, তৈয়ব হোসেন, আলতাফ হোসেন, আবিদুর রহমান ও মো. রাসেলের বাড়িসহ ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ ঠেকাতে পুলিশি অভিযানের পর অনেক পুরুষ গ্রাম ছেড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহমঞ্চদপুর থানার ওসি মনিরুল ইসলাম।