মাগুরায় দুটি বাল্যবিয়ে বন্ধ
হাবিবা ও বিউটি ঘনিষ্ঠ বান্ধবী। সম্পর্কে তারা আপন চাচাতো বোন। দুজনই সপ্তম শ্রেণির ছাত্রী। গত শনিবার রাতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। দুজনের পাত্রই অপ্রাপ্তবয়স্ক। বিয়ের আয়োজনও সম্পন্ন হয়। তবে শেষ পর্যন্ত মহিলা পরিষদের হস্তক্ষেপে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাল্যবিয়ে দুটি বন্ধ হয়।
মাগুরা মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার দিন রাত নয়টার দিকে আমরা খবরটি জানতে পারি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহযোগিতায় বিয়ে দুটি বন্ধ করতে সক্ষম হই।’
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবা ও বিউটি দুজনই মাগুরা সদর উপজেলার জাগলা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। হাবিবার বাবার নাম আবুল জোয়াদ্দার। বিউটির বাবা সেলিম জোয়াদ্দার। আবুল ও সেলিম আপন ভাই। তাঁদের বাড়ি মাগুরা সদরের মঘি গ্রামে।
স্থানীয় লোকজনের ভাষ্য, গত শনিবার রাত ১০টার দিকে হাবিবার সঙ্গে পার্শ্ববর্তী জাগলা গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে সোহাগ হোসেন (১৯) এবং বিউটির সঙ্গে গোলাম মোল্লার ছেলে সুমন মোল্লার (২০) বিয়ের আয়োজন করা হয়। ছেলেদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। কিন্তু মহিলা পরিষদের তৎপরতায় দুটি বাল্যবিয়েই বন্ধ হয়ে যায়।
মাগুরা সদর উপজেলার ইউএনও মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘দুই চাচাতো বোনের সঙ্গে ওই ছেলে দুটির প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। মেয়ে দুটি ছেলেদের বাড়িতে গিয়ে ওঠে। পরে ছেলেদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বর-কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাজি বিয়ে পড়াতে রাজি হননি। মহিলা পরিষদের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরে বিয়ে বন্ধ করে দিই।’
ইউপি চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বলেন, ‘বাল্যবিয়ে একটা অভিশাপ। তাই ঘটনা জানার পর ওই বিয়ে বন্ধ করার ব্যবস্থা নিয়েছি।’
ঘটনার বিষয়ে ছেলে ও মেয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়, বিশেষ পরিস্থিতিতে তারা এই বিয়ের আয়োজন করেছিল।