মাগুরায় দেয়ালচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলায় দেয়ালচাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার দরিবিলা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দরিবিলা গ্রামের সিরাজুল ইসলাম খান (৬১) ও লাভলী খাতুন (৪৫)। তাঁরা সম্পর্কে আত্মীয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, সিরাজুল তাঁর ছোট ভাই নুরুল ইসলাম খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। তাঁদের বাড়ির একটি ঘরের কিছু অংশে ইটের পাকা দেয়াল এবং কিছু অংশে মাটির কাঁচা দেয়াল ছিল। সংস্কারের জন্য প্রায় দেড় মাস আগে ওই ঘরের টিনের চালা খুলে ফেলা হয়।
পরিবার ও পুলিশ জানায়, আজ সকালে কাঁচা-পাকা দেয়ালের ঘর লাগোয়া রান্নাঘরে বসে খাবার খাচ্ছিলেন সিরাজুল। তাঁকে খাবার পরিবেশন করছিলেন ছোট ভাইয়ের স্ত্রী লাভলী। সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কাঁচা-পাকা দেয়ালের ঘরটির ইটের দেয়াল ভেঙে রান্নাঘরের ওপর পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান লাভলী। গুরুতর আহত সিরাজুলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।